বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

আটককৃত বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ডের হেফাজতে আছে
আটককৃত বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ডের হেফাজতে আছে | ছবি: সংগৃহীত
0

বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ হরিণের মাংস, চামড়া ও মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত মাংসের পরিমাণ ৯ মণ (প্রায় ৩৬০ কেজি)।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে পাথরঘাটা উপজেলার কালিয়ার খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্ট গার্ডের একটি টিম। অভিযানকালে একটি সন্দেহভাজন কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৯ মণ হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া এবং ১টি কাটা মাথা উদ্ধার করা হয়। একই সাথে শিকারি ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ডের দেয়া তথ্যানুযায়ী, জব্দকৃত হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া উদ্ধার করা চামড়া ও মাথার আনুমানিক মূল্য যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ইব্রাহিম এবং আলামত হিসেবে জব্দকৃত মাংস, চামড়া, মাথা ও নৌকা পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, সুন্দরবন ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলের বনজ সম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেআর