মহেশপুরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটক ৪

জব্দকৃত পণ্য
জব্দকৃত পণ্য | ছবি: সংগৃহীত
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পরিচালিত অন্যান্য অভিযানে বিভিন্ন ধরণের ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৩/১-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরপুর পূর্বপাড়া রাস্তার পাশে মেহগনি বাগানে অভিযান পরিচালনা করা হয়।

সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ টহল দল অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নারীকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া একই দিনে পরিচালিত অন্যান্য মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালামাল ও মাদক উদ্ধার করে বিজিবি।

​৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সীমান্ত এলাকায় মাদক ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জেআর