ডেপুটি স্পিকারের তাৎক্ষণিক পদক্ষেপে আবারও জারিয়া লোকাল ট্রেন চালু

জারিয়া লোকাল ট্রেন
জারিয়া লোকাল ট্রেন | ছবি: এখন টিভি
0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক পদক্ষেপে আবারও চালু হয়েছে জারিয়া লোকাল ট্রেন। ইঞ্জিন সংকটের কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ (রোববার, ৪ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জারিয়া ঝানজাইলের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি।

পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটে চলাচলকারী একমাত্র লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে হাজারো যাত্রী। ফলে দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়ার সাধারণ মানুষকে পোহাতে হয় ভোগান্তি।

গত শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানতে পেরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এর পর আজ সকাল থেকেই জারিয়া লোকাল ট্রেনটি আবার চলাচল শুরু করে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি মূলত ২৩০০ ও ২৪০০ সিরিজের ইঞ্জিন বা লোকোমোটিভ দিয়ে পরিচালিত হয়। ওয়ার্কশপে মেরামতের জন্য বুক থাকা ৬টি ইঞ্জিনের মধ্য থেকে ডেপুটি স্পিকারের আহ্বানে দ্রুত একটি ইঞ্জিন ময়মনসিংহে পাঠানো হয়। ফলে সকাল থেকেই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটে ট্রেনটি সচল হয়।এতে স্বস্তি ফিরিয়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে।

গত সেপ্টেম্বর মাসে মাত্র ৮ দিন চলাচল করেছিল জারিয়া লোকাল ট্রেন। আর বাকি সময় ট্রেনটি পুরোপুরি বন্ধ রাখা হয়। প্রতিদিন গড়ে ৪টি ট্রিপ পরিচালনার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে যেসব দিন ট্রেনটি চলেছে, সেসব দিনেও ট্রিপ সংখ্যা সংকুচিত করা হয়েছিল—কোনো দিন ৪টি, কোনো দিন ২টি, আবার কোনো দিন মাত্র ১টি ট্রিপ পরিচালিত হয়েছে।

জারিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন জানান, গত সেপ্টেম্বর মাসে মাত্র ৮ দিন চলাচল করেছে জারিয়া লোকাল ট্রেন। এর মধ্যে বেশিরভাগ সময়ই ট্রেনটি ছিল অনিয়মিত। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দুটি ট্রিপ পরিচালনার পর এটি বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও বলেন, জারিয়া লোকাল ট্রেনটি এই এলাকার নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২০ টাকায় জারিয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত যাতায়াত করা যায়। তবে মাঝেমধ্যে ট্রেন বন্ধ থাকলে যাত্রীরা নিয়মিত খোঁজ নেন কবে থেকে আবার চলাচল শুরু হবে।

উল্লেখ্য, দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনতে জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেললাইন সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্প্রতি তাঁর আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রেলওয়ের মহাপরিচালক (ডিজি), রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিনে জারিয়া রেলওয়ে স্টেশন ও দুর্গাপুর এলাকা পরিদর্শন করেছেন।

শুধু লোকাল ট্রেনই নয়, সরাসরি ঢাকার সঙ্গে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের লক্ষ্যে এই রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর জন্য ডিও লেটার পাঠিয়েছেন ডেপুটি স্পিকার। বর্তমানে এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষা পরিচালনা করছে।

এএইচ