বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজসহ আটক ৪

পুলিশি হেফাজতে লাগেজসহ আটক ৪ ব্যক্তি
পুলিশি হেফাজতে লাগেজসহ আটক ৪ ব্যক্তি | ছবি: এখন টিভি
0

ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি যাওয়া ক্রিকেটারদের ৮টি লাগেজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা পুঠিয়া উপজেলা এলাকায় অভিযান চালিয়ে মালামাল উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়।

জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরেন ক্রিকেটাররা, আর বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয় একটি কাভার্ড ভ্যান।

‘পরে কাভার্ডভ্যানটি নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় এলে গাড়ির ধীর গতির সুযোগ নিয়ে সঙ্গবদ্ধ একটি দল গাড়িতে ওঠে। এরপর তারা লাগেজ ও মালামাল চুরি করে পুঠিয়া এলাকায় নেমে পড়ে।’

আরও পড়ুন: যশোর সীমান্তে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়। এর জেরে গোয়েন্দা বিভাগ অভিযান চালায়।

পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হলেও জড়িত না থাকায় পরবর্তীতে একজনকে ছেড়ে দেয়া হয়। আটক ৪ জনের অধিকাংশের বিরুদ্ধে পুঠিয়া থানায় চুরির একাধিক মামলা রয়েছে। আটক আসামিদের কোর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ