সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি রনি গ্রেপ্তার

আসামি রনি
আসামি রনি | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামী মো. রনিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে তার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অস্ত্রের বিষয়ে তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এর আগে ১৩ অক্টোবর (মঙ্গলবার) এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১২ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সন্ত্রাসী সাহেব আলীকে (৪০) গুলি করে তার প্রতিপক্ষরা। সিসিটিভি ফুটেজে রনিকে সরাসরি গুলি করতে দেখা যায়। গুরুতর আহত সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জেআর