শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা: প্রতিমন্ত্রী টুকু

কথা বলেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
কথা বলেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এবারের পূজায় সরকার পক্ষ থেকে আইনশৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা করায় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন। এবারই প্রথম কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপ্রিয়ভাবে পূজা উদযাপন করা গেলো। সনাতন ধর্মাবলম্বীরা এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ (বুধবার, ২১ অক্টোবর) বিকেলে প্রতিমা বিসর্জনের পূর্বমুহূর্তে শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে পূজারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘পূর্ব শুরু আগে থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মণ্ডপের ধর্মীয় নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করা হয়েছে। মতবিনিময়কালে নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছিলো। যে কারণে সকলের সার্বিক সহযোগিতা শান্তিপ্রিয়ভাবে পূজা শেষ করতে পেরেছেন। এছাড়াও এবছরই প্রথম পূজায় মণ্ডপ গুলোতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কথা বলেন, সবার আগে বাংলাদেশ। তিনি যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন।’

টাঙ্গাইলের সার্বিক বিষয় তুলে ধরে টুকু বলেন, ‘সকলের সহযোগিতা টাঙ্গাইল থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং কিশোরগ্যাং দূর করতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ভালো সাড়া পেয়েছি। সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন করতে চাই।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালিবাড়ীর সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

জেআর