শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ১০

দুই গ্রামবাসীর সংঘর্ষ
দুই গ্রামবাসীর সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

শেরপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতপাকিয়া ও ডাকপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ (শনিবার, ৩১ অক্টোবর) সকালে শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া এলাকায় শেরপুর-জামালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতেই সাতপাকিয়া ও ডাকপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলে পরিস্থিতি শান্ত হয়। তবে একই রাতে দুই গ্রামের পক্ষ থেকে মাইকিং করে শনিবার সকালে লোকজন জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

এর ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে সাতপাকিয়া এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে দেশিয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন অবস্থান নেন। এক পর্যায়ে একটি গুজবকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, থেমে থেমে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানা-পুলিশ সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিলো। ফলে সংঘর্ষ দীর্ঘ সময় স্থায়ী হতে পারেনি। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এছাড়া এ ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন পুলিশের এ কর্মকর্তা।

এসএইচ