মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/৩-এস সংলগ্ন হালদারপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় একটি কলাবাগান থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মো. আদিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় সিরাপ, ২টি মোবাইলফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীনাথপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১-এস এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় দু’জন ব্যক্তিকে আটক করা হয়।
আরও পড়ুন:
আটকরা হলেন— মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মো. কাওছার শেখ (৩৩) এবং খুলনার ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রামের মো. মাহমুদুল মোল্যা (৩৪)। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া একই দিন বেলা ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৬৮-আর সংলগ্ন বাঘাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ৪ নারী ও ১ শিশুসহ মোট ৫ জনকে আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।





