সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আহত জেলে, আতঙ্কে স্থানীয়রা

আহত জেলের ছবি
আহত জেলের ছবি | ছবি: এখন টিভি
0

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে আহত হয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকার কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখে এ ঘটনা ঘটে।

আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয় জেলেরা জানান, সকালে কাঁকড়া আহরণের উদ্দেশে সুন্দরবনে প্রবেশ করেন আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে। এসময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

আরও পড়ুন:

ঘটনার পর জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত না হলে সুন্দরবনে জীবিকার জন্য যাওয়া কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এসময় বনদস্যুদের দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন জেলেরা।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাদের কার্যালয়ে আসেন। প্রাথমিকভাবে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বনদস্যু নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। দ্রুত যৌথ অভিযান চালানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আহত জেলের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

এসএইচ