একটি গাছে দু’হাত গাছের পেছনে বাঁধা ও পায়ের কাছে কাটা মাথা ফেলে রাখা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কাওছার আলম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামের জামেদ আলীর ছেলে। সিআইডির ময়মনসিংহের ক্রাইম সিন টিম আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে।
পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় একটি গাছে বৃহস্পতিবার (২১মে) সকাল ৯টার দিকে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। কিন্তু ব্যক্তিকে কেউ চিনতে পারছিলো না। পরে খবর পেয়ে সকালে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তির দেহ গাছে বাঁধা ছিলো। হাত দুটি পেছন দিকে নিয়ে গাছের সঙ্গে বাঁধা ছিলো। পা ছিলো মাটিতে, বুকে ছিলো কোপের দাগ। বিচ্ছিন্ন মাথা পড়ে ছিলো পায়ের কাছে। অন্য এলাকা থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে লোকটিকে হত্যা করেছে বলে ধারণা করছেন তারা।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলটি প্রত্যন্ত এলাকা। লোকটিকে বাইরে থেকে ধরে এনে হত্যা করা হতে পারে। কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে, সেই রহস্য উদঘাটনে কাজ চলছে।
দ্রুতই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি। নৃশংস এ হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





