খুলশীতে মাদক কারবারিকে ধরতে গিয়ে কিশোরগ্যাংয়ের হামলা; ২ এসআইসহ আহত ৭ পুলিশ

আহত পুলিশকে হাসপাতালে নেয়া হচ্ছে
আহত পুলিশকে হাসপাতালে নেয়া হচ্ছে | ছবি : এখন টিভি
0

চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে কিশোরগ্যাংয়ের হামলায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইনসংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন— ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল ও আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালায়।

এ সময় পুলিশের ওপর হঠাৎ হামলা চালায় একদল কিশোর গ্যাং সদস্য। তারা বিভিন্ন দিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে দুই এসআইসহ সাত পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:

ঘটনার পর ডবলমুরিং থানার ওসি মো. শাহীনুর আলম ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানা গেছে। পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম ও চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহতরা চমেকের অপারেশন থিয়েটারে।

পুলিশের দাবি, খুলশী ঝর্ণাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত আলমগীর। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে তিনি একাধিক কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আলমগীরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে তিনি ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন।

এর আগে গত ১৫ মে রাতে ঝর্ণাপাড়া এলাকায় দলবল নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ ওঠে আলমগীরের বিরুদ্ধে।

এফএস