রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ অস্ত্রধারী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

অস্ত্রসহ গ্রেপ্তারকৃতরা
অস্ত্রসহ গ্রেপ্তারকৃতরা | ছবি: সংগৃহীত
0

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের কৈজলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তাদের কাছ থেকে একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক ও তিনটি দেশিয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

আজ (সোমবার, ২৭ জুলাই) বিকালে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আসলাম সরকারের ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন— কৈজলা এলাকার আসলাম সরদার (৪০), ডাউকি এলাকার মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈজলা এলাকার মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া এলাকার মো. ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট এলাকার রাজু আহমেদ টোকন (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ইব্রাহিম শেখের বিরুদ্ধে ১৯টি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজিসহ মোট দুটি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে একটি অপহরণ, একটি চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি ডাকাতিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফাহমান মাহমুদ মোজাহিদ বলেন, ‘অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। অস্ত্র উদ্ধার এবং অস্ত্র ব্যবহারকারীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বোচ্চ তৎপর রয়েছে।’

এএইচ