মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ, আটক ৪

মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে
মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টার্মিনাল এলাকার সামনে দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

এসএইচ