শাহজালালে পৃথক দুই অভিযানে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

উদ্ধার করা স্বর্ণ
উদ্ধার করা স্বর্ণ | ছবি: সংগৃহীত
0

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুই অভিযানে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস। দুবাই থেকে আসা বিমানের দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার এবং কুয়ালালামপুর থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে আরও ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। সবমিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১৩ দশমিক ৮৪ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২৫ লাখ টাকা।

আজ (রোববার, ৪ অক্টোবর) বিমান বন্দরে ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বলে এনবিআরে জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে সন্দেহভাজন দুই বিমানকর্মীর ওপর নজরদারি করা হয়।

পরে তাদের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সবমিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। কাস্টমসের হিসাবে, এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এদিকে, একই দিন কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের মএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকেও চারটি এক কেজি ওজনের এবং পাঁচটি ১০০ গ্রাম ওজনের মোট ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের এসব স্বর্ণবারের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

কালো কাপড়ের বেল্টে মুড়িয়ে শার্টের নিচে অভিনব কায়দায় স্বর্ণগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস। দুটি ঘটনায় উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৪ কেজি। এর আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২৫ লাখ টাকা।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধার করা স্বর্ণ কাস্টমস আইন ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় সাময়িকভাবে আটক করা হয়েছে। একইসঙ্গে যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

এফএস