নারায়ণগঞ্জে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রীকে আটক

যুবকের বস্তাবন্দি মরদেহ
যুবকের বস্তাবন্দি মরদেহ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ ধারণা করছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেয়া টিনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকাল ৭টার দিকে নাদিম নিখোঁজ হন। এরপর শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেয়া টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাতেনের ছেলে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে নাদিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে নিহতের স্ত্রী খাদিজার সঙ্গে তার পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া নিহতের স্ত্রীর সঙ্গে নড়াইল জেলার হাকিম মোল্লা নামের এক ব্যক্তির সম্পর্কের বিষয়টিও প্রাথমিকভাবে সামনে এসেছে বলেও জানায় পুলিশ। আরও জানা যায়, হাকিম মোল্লার ভাড়া বাসা থেকেই নাদিমের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনার পর থেকে হাকিম পলাতক রয়েছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, ‘নিহত ব্যক্তির পারিবারিক ও দাম্পত্য বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তদন্তের বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।’

এসএইচ