দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

ছাত্রদল নেতা শাকিল ইসলাম
ছাত্রদল নেতা শাকিল ইসলাম | ছবি: সংগৃহীত
0

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ (সোমবার, ২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার সাবেক পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১৫ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে আহত করে।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

আরও পড়ুন: পাবনায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি; খোয়ালো ল্যাপটপ-টাকাসহ গুরুত্বপূর্ণ নথি

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাকিল ইসলাম। পথে বিলচলন শহিদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সাবেক পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩দিন পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

তবে ঘটনার ১৩দিনেও দুবৃত্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। বেশ কয়েকটি বিষয় নিয়ে হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান।

এসএস