অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী। সভার শুরুতে চেম্বারের সচিব নাসের মাহমুদ বার্ষিক কার্যক্রম প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সাবেক পরিচালক আবিদ আহসান সাগর ২০২৪-২০২৫ অর্থবছরে চেম্বারের কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরেন।
মুক্ত আলোচনায় সাধারণ সদস্যরা কক্সবাজারের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, পর্যটন খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।
পরে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং সাধারণ সম্পাদক জাফর আলম।
আরও পড়ুন:
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ আলম। শপথ গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।
অভিষেক অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সহ-সভাপতি শেখ আশিকুজ্জামান ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং স্থানীয় শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় পরিচালনা পর্ষদের সদস্য কে এম রেজাউল করিম, মুকিম খান ও গিয়াস উদ্দিন জিকু কক্সবাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবনির্বাচিত সভাপতি আব্দুল শুক্কুরের একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যেখানে তিনি নতুন কমিটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।
সবশেষে সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের বিদায়ী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।





