বাণিজ্যিক রাজধানী বলা হলেও জাতীয় বাজেটে চট্টগ্রামের উন্নয়ন প্রাধান্য পায় না বলে চট্টগ্রামের ব্যবসায়ীদের দীর্ঘ দিনের অভিযোগ। চট্টগ্রামের সন্তান ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথমবারের মতো অর্থমন্ত্রী হওয়ায় বাজেট নিয়ে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিলো বেশি। প্রস্তাবিত বাজেটে সেই প্রত্যাশার অনেকটা প্রতিফলন ঘটেছে বলে মনে করেন ব্যবসায়ীরা।
বিশেষ করে অর্থনীতির প্রাণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, চট্টগ্রাম-ঢাকার রেলপথে দূরত্ব কমানো ও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্পে দারুণ খুশি এ অঞ্চলের মানুষ। এক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ঢাকা-কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মিত হলে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার আর যাত্রার সময় কমবে দেড় ঘণ্টা। ব্যবসায়ীরা বলছেন, এ বাজেটে উন্নয়ন পরিকল্পনাগুলো সফল হলে শুধু চট্টগ্রাম নয়, পাল্টে যাবে দেশের সামগ্রিক অর্থনীতির চেহারা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা তেলটা হচ্ছে আমদানি করি। এ তেলের ব্যবহারটা কমে যাবে। দুই ঘণ্টার পথ জার্নি কমে গেলে তেলের ব্যবহারটা কমে যাবে। এটা একটা দেশের সুফল পাবে। আর আমরা যারা জনগণ সুফল পাবো, হচ্ছে আমাদের দুই ঘণ্টা টাইম সেভ হবে।’
প্রস্তাবিত বাজেটে সৌর বিদ্যুৎসহ সামগ্রিকভাবে বিদ্যুৎ উৎপাদন খরচ ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড় দেয়া হয়েছে। সেই সঙ্গে কমানো হয়েছে কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর। এতে শিল্পে উৎপাদন খরচ কমায় বিনিয়োগ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ‘মানে সোলার প্যানেল দিয়ে উৎপাদন, তো এটা হলে সুবিধা হবে কী পলিউশনটা একদম কমে যাবে। তারপরে আপনার ফ্রি প্রোডাকশন। যেমন ধরেন বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না, আমার বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিডে নেয়ার জন্য যে ট্রান্সমিশনের জন্য যে সাবস্টেশন দরকার, সেটা সরকারকে করে দিতে হবে। তো এ সরকার বলছে তারা সেটা করে দেবে।’
বাজেটে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ যোগাযোগ, অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ প্রস্তাবনা অর্থনীতিতে গতি আনবে বলে মনে করেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে বাজেটে বন্ড মার্কেটে বিনিয়োগের সুযোগ ব্যাংক খাতের উপর চাপ কমাবে নতুন ঊদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। এছাড়া ইলেকট্রিক গাড়ি আমদানিতে ব্যাপক শুল্ক ছাড় পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয় কমাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক আখতার পারভেজ বলেন, ‘বন্ড মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের ওপর এমফাসাইজ করা হবে, যাতে ব্যাংকের উপর থেকে লোন নিয়ে চাপটা কমে। তো এটা আমি মনে করি যে পুঁজিবাজারের উপরে অনেক পজিটিভ একটা ইমপ্যাক্ট ফেলবে।’
সামগ্রিকভাবে সরকারের প্রথম বাজেটকে গণমুখী ও ব্যবসাবান্ধব মনে করলেও বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবিলা শুরু থেকেই সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান ব্যবসায়ীদের।





