বিএনপি সরকারের প্রথম বাজেটের শিরোনাম দেয়া হয়েছে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
নতুন অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এর আগে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন।
প্রস্তাবিত বাজেটে সড়ক বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৯১৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা। ফলে সড়ক বিভাগে বরাদ্দ কমেছে ১ হাজার ৫৭৮ কোটি টাকা।
আরও পড়ুন:
রেলপথ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৯৪০ কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১১ হাজার ৯৪৪ কোটি টাকা। সে হিসাবে রেল খাতে বরাদ্দ কমেছে ২ হাজার ৪ কোটি টাকা।
অন্যদিকে সেতু বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৯০৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৬ হাজার ২২ কোটি টাকা। ফলে সেতু বিভাগে বরাদ্দ কমেছে ৩ হাজার ১১৪ কোটি টাকা।
এছাড়া যোগাযোগ অবকাঠামোর অন্যান্য খাতে ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১০ হাজার ৯৬৪ কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ৭৩৪ কোটি টাকা। ফলে এ খাতে বরাদ্দ কমেছে ১ হাজার ৭৭০ কোটি টাকা।
সব মিলিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা, যা আগের অর্থবছরের ৬৯ হাজার ১৯৬ কোটি টাকা থেকে ৮ হাজার ৪৬৬ কোটি টাকা কম।





