বিশ্ববাজারে তেলের দামের রেকর্ড বৃদ্ধি: রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। ফলে হু হু করে বাড়ছে দাম। ইতোমধ্যে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে ১০৮ ডলার, যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এমন অবস্থায় রাশিয়ার তেলের ওপর থেকে বড় পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্ববাণিজ্যের ৮০ শতাংশেরও বেশি পরিচালিত হয় সমুদ্রপথে। তাই সাগরপথে ব্যাঘাত ঘটলে একদিকে বাড়ে পণ্য পরিবহন খরচ, অন্যদিকে বিঘ্নিত হয় সরবরাহ। জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩৯ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি। বিশ্বের মোট জ্বালানির ৬ ভাগের এক অংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের তিন ভাগের এক অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানির সরবরাহ কমেছে প্রায় ২০ শতাংশ। কয়েকদিনের ব্যবধানে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে ২৫ শতাংশেরও বেশি। মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বেশিরভাগ দেশ অপরিশোধিত তেলের বাণিজ্যের জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল।

আরও পড়ুন:

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজে সম্ভাব্য হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ১৪০ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ স্থগিত করতে বাধ্য হয়েছে। যা বিশ্বব্যাপী মোট চাহিদার প্রায় দেড় দিনের সমান। এরইমধ্যে জ্বালানির অপচয় রোধে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেল উৎপাদনে কাটছাঁটের ঘোষণা দিয়েছে কুয়েতের প্রধান জাতীয় তেল কোম্পানি।

এমন অবস্থায় হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর মাধ্যমে নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া, উপসাগরীয় সামুদ্রিক অঞ্চলের ক্ষয়ক্ষতি মেটাতে ২ হাজার কোটি ডলারের বীমা পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে জেপি মরগ্যানের পূর্বাভাস, উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর জন্য ৩০ হাজার কোটি ডলারের বীমা কভারেজের প্রয়োজন।

এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, রাশিয়ার তেলের ওপর থেকে আরও বড় পরিসরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাত বন্ধ না হলে লাগাম টেনে ধরা যাবে না তেলের দামে।

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা পড়েছে জ্বালানি ও পণ্যবাহী কয়েকশ' জাহাজ।

ইএ