Recent event

অনুমতি নিয়েই ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল

আবিদুল ইসলাম খান
আবিদুল ইসলাম খান | ছবি: এখন টিভি
0

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘ভোট ও দোয়া’ চেয়েছেন।

ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, ‘জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আমাদের ছেড়ে যাবেন না, যেভাবে ছেড়ে যাইনি ৫ আগস্টে। প্রিয় বাংলাদেশ! আমাদের দুআতে রাখুন।’

তফসিল অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের আট কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ভোট গণনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে।

এনএইচ