একাদশে ভর্তির প্রথম ধাপে কলেজ পেলো ৯ লাখ ৮০ হাজার শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তি
একাদশ শ্রেণিতে ভর্তি | ছবি : সংগৃহীত
0

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য আসন বরাদ্দ পেয়েছে। এ ধাপে আবেদন করেও কোনো কলেজে আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এবছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের পছন্দের কলেজগুলোতে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। প্রথম ধাপে আবেদনকারীদের প্রায় ৯৮ শতাংশ কোনো না কোনো কলেজে আসন পেয়েছে।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারবে। একইসঙ্গে তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন:

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

এর আগে, ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় এক দিন পিছিয়ে ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে।

গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে না।

অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা। ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে দিতে হবে ৩৪০ টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো কলেজ শিক্ষার্থী ভর্তি বা ছাড়পত্র ইস্যু করতে পারবে না।

এসএস