সূত্র জানায়, ওমান সরকারের মধ্যস্থতায় গত সপ্তাহান্তে মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো নিয়ন্ত্রণ হুথিরা নিজেদের হাতে নেয়ার পর এই বৈঠকটি হলো।
বৈঠকে উপস্থিত এক ইয়েমেনি সূত্র জানায়, হুথি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে আমেরিকান ও ইসরাইলি জাহাজে তারা হামলা চালাবে না। এ ছাড়া সৌদি আরবের মালিকানাধীন জাহাজ ছাড়া অন্য যেকোনো বাণিজ্যিক জাহাজে হামলা না করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। একই সঙ্গে ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার বিষয়েও তারা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার জানান, ইয়েমেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার অনুরোধ জানিয়ে হুথিরা তার প্রশাসনের কাছে ফোন করেছিল। এর পর গত সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা নিশ্চিত করেন।
মাসকাটের বৈঠকে হুথিদের পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম ও আবদেল মালিক আল-আজিরি। এদের মধ্যে আবদুস সালাম মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। আর মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করেন মাসকাট দূতাবাসে কর্মরত কর্মকর্তারা।
বৈঠক বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র সরাসরি বিষয়টি স্বীকার করেননি। তবে তিনি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের মুক্ত নৌচলাচল নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়া রোধ করা যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।





