হাবিপ্রবির শিক্ষার্থীকে মারধর ও হল ভাঙচুর, ৩১ শিক্ষার্থী বহিষ্কার

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

হাজী মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হামলা ও হল ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্থগিতাদেশ বোর্ডের ২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শতাধিক শিক্ষার্থী দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ আবরার ফাহাদ হলে প্রবেশ করে শিক্ষার্থী শাহিদ নূর হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা হলের নামাজ কক্ষের বিভিন্ন সামগ্রী, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। হামলায় সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী অভিযুক্ত ৩১ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. নাঈমুর রহমান (এআইই), মো. তৌহিদুল ইসলাম তুরাগ (ইসিএন), শাকির মাহমুদ (ইসিএন), দূর্জয় চন্দ্র বর্মণ (ইসিএন), মো. সাজিব হোসেন (ইসিএন), সারোয়ার হোসেন শাওন (সিএইচই), মো. ইমরান হাসান (সিএইচই), মো. আউয়াল মিয়া (এফপিই), মো. আসাদুজ্জামান নূর (মার্কেটিং), মো. রিফাত হোসেন (মার্কেটিং), মো. সৌরভ আহমেদ (ইসিই),মো. শাওন প্রধান (ইসিই), মো. আসাদুজ্জামান (এফপিই), মো. মুর্তাজিম বিল্লাহ মাধুর্য (ম্যাথমেটিক্স), সোহেল রানা (ম্যাথমেটিক্স), মো. তামিম ইকবাল (ডিভিএম), মো. মুইন রোমান তুলন (এজিআর), মো. আরাফাত হোসেন (ফিজিক্স), মো. এমদাদুল ফেরদৌস জিম (সিআইই), মো. আসিফ হোসেন (ইংরেজি), তাসরিয়াফ ইসলাম প্রান্তিক (এআইএস), এম. এইচ. কে. মারুফ (এফআইএস), মো. শেহাব শাহরেয়ার (এসটিটি), মো. জাফর সিদ্দিক জিশাদ (এসটিটি), অঙ্কুর পাল (সিআইই), মো. শরিফুল ইসলাম সোহান (আইই), মো. ফারিয়াদ হোসেন (এফপিই), মো. ফয়সাল আহমেদ (এফপিই), মো. সাজেদুর রহমান (এআইই), মোহাম্মদ আসিফ (ডিভিএম), এম. এইচ. জামান (ডিভিএম)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্যের অনুমোদনের পর আদেশটি কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রশাসন ও প্রশাসনিক দপ্তরগুলোতে তা পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।

এএইচ