গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. জাহিদুর রহমান

নতুন উপ-উপাচার্য ড. জাহিদুর রহমান
নতুন উপ-উপাচার্য ড. জাহিদুর রহমান | ছবি: সংগৃহীত
0

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (সংশোধিত আইন, ২০২৫)’- এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর মধ্যে তার স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করাসহ সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

জানা যায়, অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান তার শিক্ষাজীবনে সমসাময়িক সময়ে দেশের সকল কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম (ফার্স্ট ক্লাস ফার্স্ট) স্থান অধিকারসহ রেকর্ড নম্বর অর্জনের গৌরব লাভ করেন। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম শ্রেষ্ঠ কৃষি শিক্ষাবিদ (অ্যাকাডেমিশিয়ান) হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে তাঁকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ভূষিত করা হয়।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক হিসেবে অত্যন্ত সুপরিচিত ও স্বনামধন্য এই শিক্ষাবিদ সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনেও সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এএইচ