আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি পদে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে বিশ্ববিদ্যালয়টির ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, ভিসি পদে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে এর আগেই তার অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত ভিসি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক লুৎফর রহমান সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক লুৎফর রহমান এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের ফলে ওই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। সরকার তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক লুৎফর রহমান তার স্থলাভিষিক্ত হয়েছেন।





