রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখির আশঙ্কা

কালবৈশাখি ঝড়ের এআই জেনারেটেড ছবি
কালবৈশাখি ঝড়ের এআই জেনারেটেড ছবি | ছবি: এখন টিভি
0

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

আজ (শুক্রবার, ২২ মে) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীন নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন:

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির পূর্বাভাসের মাঝেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে চলমান এ মৃদু তাপপ্রবাহ আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

এসএইচ