মেঘের ভেলায় চড়ে এলো আষাঢ়ের বার্তা। রোদে পোড়া তপ্ত নগরী, ধুলোমাখা পথঘাট আর তৃষ্ণার্ত প্রকৃতি সবকিছুর অপেক্ষার অবসান ঘটাতে আকাশজুড়ে এখন মেঘের আয়োজন।
অবশেষে নামলো প্রতীক্ষিত সেই ধারা। মেঘের মাদল বাজিয়ে আষাঢ়ের এই আগমন যেন এক অনন্ত উৎসবের সূচনা। যা মানুষকে মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় শৈশব, প্রেম আর শেকড়ের খুব কাছাকাছি।
অফিস, যানজট আর সময়ের পেছনে ছোটার এই ব্যস্ত শহরে ঋতুর খবর রাখার ফুসরত মেলে না সহজে। তবু আকাশ ভাঙা জল নামতেই চেনা শহরটা হুট করে বদলে যায়। রুক্ষতা ভেঙে বেজে ওঠে নতুন করে জেগে ওঠার গান। চারপাশের গাছপালায় ফেরে সতেজ সবুজ, প্রকৃতি স্বাগত জানায় এই নবজাগরণকে।
কখনও প্রেমের রূপক, কখনও বিরহের ভাষা হয়ে এই জলধারা আসলে জীবনকে নতুন করে চেনার মাধ্যম। কারণ, আষাঢ়ের স্পর্শ শুধু মাটির বুককেই নয়, সিক্ত করে মানুষের অন্তহীন অনুভবকেও।
আষাঢ়ের এই দিনগুলোতে কোথাও ভেসে উঠবে বর্ষার গান, কোথাও ছাতার আড়ালে জমবে গল্প। আর বৃষ্টিধারার সঙ্গে সঙ্গে ধুয়ে যাবে ক্লান্তির আস্তরণ। ফিরে আসবে সজীবতা, ফিরে আসবে নতুন দিনের আশা।





