ইউরোপে রেকর্ড ভেঙ্গেছে তাপমাত্রা, আরও বাড়ার শঙ্কা

ইউরোপে বাড়ছে তাপমাত্রা
ইউরোপে বাড়ছে তাপমাত্রা | ছবি: সংগৃহীত
0

মে মাসের শেষ সপ্তাহে তীব্র দাবদাহে পুড়ছে ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশ। এরইমধ্যে অনেক দেশে পুরনো রেকর্ড ভেঙ্গেছে তাপমাত্রা। আবাহওয়াবিদরা বলছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। আর অস্বাভাবিক তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন ইউরোপের নাগরিকরা।

কারো মাথার উপরে ছাতা, কারো হাতে কুলার ফ্যান, কেউবা তৃষ্ণা মেটাতে খাচ্ছেন ঠাণ্ডা পানি। আবার অনেকে ছুটে যাচ্ছেন সাগর বা লেকে। ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি পেতে শীতলতার খোঁজে সাধারণ মানুষ।

চলতি সপ্তাহে দাবদাহে পুড়ছে ফ্রান্স। শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার মে মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনের সাক্ষী হয় দেশটি। এদিন ফ্রান্সের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমনকি রাতেও কমছে না তাপমাত্রা।

গরম থেকে বাঁচতে ফ্রান্সের স্থানীয় লেকগুলোতে গা ভাসাচ্ছেন বাসিন্দারা। তবে এরইমধ্যে পানিতে ডুবে কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। একারণে সাঁতার না জেনে নাগরিকদের পানিতে না নামার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

একই অবস্থা ইউরোপের আরেক দেশ জার্মানিতেও। শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গরম থেকে বাঁচতে রাজধানী বার্নিলসহ জার্মানির বিভিন্ন শহরে লেক ও গাছপালা বেষ্টিত পার্কগুলোতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

জার্মানির আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশটিতে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। তবে আসছে জুলাইয়ে তাপমাত্রা ফের রেকর্ড ছুঁতে পারে বলে জানিয়েছে আগাম সতর্কতা।

জার্মানির আবহাওয়াবিদ কার্স্টেন ব্যান্ডট বলেন, আবহাওয়ার পূর্বাভাস বলছে, জুলাইয়ে তাপমাত্রা এখনকার চেয়ে আরও ১- ২ ডিগ্রি সেলসিয়াস বাড়াবে। যা দেশবাসীকে আরও অস্বস্তিতে ফেলবে।

গ্রীষ্মের আগেই প্রখর রোদে বিপর্যস্ত স্পেনের জনজীবন। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর বলছে, অন্যান্য বছরের তুলনায় এবার বসন্তের শেষভাগে তাপমাত্রার পরিবর্তন অস্বাভাবিক। এরইমধ্যে অনেক স্থানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

গত বছর এই সময় তাপমাত্রা স্বাভাবিক ছিল। কিন্তু এবার গ্রীষ্মের আগেই তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এসব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

একই অবস্থা বিরাজ করছে যুক্তরাজ্য, পর্তুগালসহ পশ্চিম ইউরোপের আরও কয়েকটি দেশে। এদিকে, ইউরোপে চলমান হিট ওয়েভের মাঝেই শঙ্কার খবর দিলো জাতিসংঘের আবহাওয়া সংস্থা। তাদের পূর্বাভাস, আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাবে।

ইএ