মালয়েশিয়ায় ধরপাকড় বাড়ছে; বৈধতার সুযোগ চায় বাংলাদেশি প্রবাসীরা

ইমিগ্রেশন ঝটিলতায় প্রবাসী বাংলাদেশিরা
ইমিগ্রেশন ঝটিলতায় প্রবাসী বাংলাদেশিরা | ছবি: এখন টিভি
0

অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এতে নথিপত্রহীন বাংলাদেশিদের উদ্বেগ বাড়লেও নানা বাস্তবতায় দেশেও ফিরতে চাচ্ছেন না অনেকেই। এ অবস্থায় নতুন করে বৈধতার সুযোগ পেতে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদারে সরকারের প্রতি আহ্বান প্রবাসীদের।

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও কাজ করা বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে জোরদার হয়েছে ইমিগ্রেশন বিভাগের অভিযান। রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যে নিয়মিত অভিযানে আটক হচ্ছেন অনথিভুক্ত বহু অভিবাসী। চলতি বছরের শুরুর ৫০ দিনে ১ হাজার ৮৫৫টি অভিযানে ৭ হাজার ৪৩ বিদেশিকে আটক করার তথ্য প্রকাশ করেছে ইমিগ্রেশন বিভাগ।

আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান বা কাজে যুক্ত হলে গ্রেপ্তার, জরিমানা এমনকি কারাদণ্ডের বিধানও রয়েছে। চলমান অভিযানে আটকের ঝুঁকিতে আছেন কাগজপত্রহীন বহু বাংলাদেশিও।

আরও পড়ুন:

প্রবাসী বাংলাদেশিদের একজন বলেন, ‘বর্তমান সরকার যেন মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করে, প্রবাসে যারা আছে তাদের বৈধ কাজপত্র করার সুযোগ করে দেয়ার ব্যবস্থা করে।’

প্রবাসীরা বলছেন, বৈধতার সুযোগ পেলে একদিকে যেমন শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারবেন, অন্যদিকে শ্রমবাজারেও শৃঙ্খলা ফিরে আসবে। যার সুফল পাবে দুই দেশই। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াতে ঢাকার প্রতি আহ্বান তাদের। বৈধ কাগজপত্রের জন্য প্রায় তাদের সমস্যায় পরতে হচ্ছে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।

অনথিভুক্ত বাংলাদেশিদের উদ্বেগ বাড়লেও ঋণের বোঝা আর কর্মহীনতার শঙ্কায় ঝুঁকি নিয়েই দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। তাই পরিস্থিতি বিবেচনায় সরকার যেন বৈধতার নতুন সুযোগ দেয়, এমন প্রত্যাশাই জানাচ্ছেন প্রবাসীরা।

জেআর