শনিবার ঢাকায় পৌঁছাবে ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ

নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টি
নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী (শনিবার, ৯ মে) সকালে ঢাকা পৌঁছাবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে ০০২০) মরদেহটি নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে। এরপর দুবাই থেকে এমিরেটসের অপর একটি কানেক্টিং ফ্লাইটে (ইকে ০৫৮২) ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত সোমবার সকালে অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ সরকার মরদেহ বহনের সব খরচ বহন করছে বলেও জানান গোলাম মোর্তজা।

প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পুরো বিষয়টি সমন্বয় করছে এবং মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহ পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এবং তার সহপাঠী জামিল আহমেদ লিমনের হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে মূল অভিযুক্ত হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করেছে ফ্লোরিডা পুলিশ। অভিযুক্ত হিশাম লিমনের রুমমেট ছিলেন।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, গত ১৬ এপ্রিল রাতে বৃষ্টি নিখোঁজ হওয়ার পর ২৬ এপ্রিল তার মরদেহ একটি নদী থেকে উদ্ধার করা হয়। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে বর্তমানে ‘ফার্স্ট ডিগ্রি প্রি-মেডিটেটেড মার্ডার’ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডার আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা তাদের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে নিহত দুই পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে মরণোত্তর ডক্টরাল ডিগ্রি প্রদান করবে। ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা এ সমাবর্তনে তাদের বিশেষভাবে স্মরণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এএইচ