কিম জং উনের নামে ‘ইরানকে ক্ষেপণাস্ত্র দেবো’—ভুয়া উদ্ধৃতি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নামে ছড়ানো উদ্ধৃতি ভুয়া বলে শনাক্ত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নামে ছড়ানো উদ্ধৃতি ভুয়া বলে শনাক্ত | ছবি: এখন টিভি
0

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি উদ্ধৃতি ছড়িয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, কিম বলেছেন—‘ইরান চাইলে আমরা ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দেবো’ এবং ‘একটি ক্ষেপণাস্ত্রই ইসরাইলকে মুছে দিতে যথেষ্ট’। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে ১ মার্চ প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলে নিন্দা করা হয়েছে। কিন্তু ইরানকে অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি বা ইসরাইল ‘মুছে দেয়ার’ মতো কোনো কথা নেই।

রয়টার্স ও ব্লুমবার্গসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও উত্তর কোরিয়ার পক্ষ থেকে কেবল সাধারণ নিন্দার কথা জানিয়েছে; কিমের নামে ভাইরাল হওয়া উদ্ধৃতিগুলো তারা প্রকাশ করেনি। 

বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের উদ্ধৃতি অনেক সময় যাচাইহীন পোস্ট থেকে ছড়ায় এবং আবেগঘন ক্যাপশন দিয়ে দ্রুত শেয়ার করানো হয়—বাংলাদেশেও ধর্মীয় সংহতির ভাষায় পোস্টগুলো বেশি ছড়াচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার আগে কেসিএনএ বা রয়টার্স–এপির মতো নির্ভরযোগ্য সূত্রে উদ্ধৃতিটি আছে কি না, মিলিয়ে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এএম