ইরানে স্কুলে বোমা হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের দাবি হিউম্যান রাইটস ওয়াচের

ইরানে স্কুলে বোমা হামলা ও হিউম্যান রাইটস ওয়াচ
ইরানে স্কুলে বোমা হামলা ও হিউম্যান রাইটস ওয়াচ | ছবি: সংগৃহীত
0

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তদন্ত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আজ (রোববার, ৮ মার্চ) এক বিবৃতিতে এই দাবি জানায় হিউম্যান রাইটস ওয়াচ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হামলার পেছনে নিজেদের দায়বদ্ধতা কতটুকু, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের উচিত তা অবিলম্বে খতিয়ে দেখা এবং তদন্তের ফলাফল জনসমুক্ষে প্রকাশ করা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই হামলায় বেসামরিক জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে এবং যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সাংবাদিকদের জানিয়েছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী নয়। তিনি উল্টো ইরানকেই এ ঘটনার জন্য দায়ী করেন। এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্পের এ মন্তব্য তার নিজের প্রশাসনের প্রাথমিক তদন্ত রিপোর্টের বিপরীত। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই হামলায় মার্কিন অস্ত্র বা গোলাবারুদ ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে যে, ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের নিশ্চিত করেছেন যে এ হামলার জন্য ইসরাইল দায়ী নয়। বর্তমানে হামলার বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ইরানে মার্কিন ও ইসরাইলি বিমান হামলা শুরুর প্রথম দিনেই মিনাব শহরের ‘শাজারেহ তাইয়্যেবেহ’ নামক একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলা চালানো হয়। এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ইএ