১২৫ আরোহী নিয়ে পেরু সীমান্তঘেঁষা দক্ষিণ আমাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় সোমবার বিধ্বস্ত হয় হারকিউলিস সি-১৩০ সামরিক বিমান। উড্ডয়নের সময় রানওয়ে থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। এরপর আগুন ধরে গেলে ভেতরে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হতে শুরু করে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় অর্ধশতাধিক আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন।
আরও পড়ুন:
সশস্ত্র বাহিনীর প্রধান হুগো আলকজান্দ্রো লোপেজ বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে আমাদের ৬৬ জন সামরিক কর্মী নিহত হয়েছেন এবং তাঁদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এদের মধ্যে রয়েছেন কলম্বিয়ান অ্যারোস্পেস ফোর্সের ছয়জন সদস্য, জাতীয় সেনাবাহিনীর ৫৮ জন সদস্য এবং জাতীয় পুলিশের দুজন সদস্য।’
ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে কর্মীদের।
কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো বলেন, ‘আমি আশা করি সামরিক হাসপাতালের চিকিৎসা পরিচালক তার সাধ্যমত সবকিছু করবেন। যাদের স্থানান্তর করা সম্ভব নয়, তাদের জন্য ফিল্ড হাসপাতালগুলো মোতায়েন করতে হবে।’
কলম্বিয়ান অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল কার্লোস সিলভা বলেছেন, বিমানটি উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি দল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বিমানটি। তাছাড়া বিধ্বস্ত হওয়ার সময় গাছের সঙ্গে বিমানটির একটি পাখা ধাক্কা খায় বলেও ধারণা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।





