ইসরাইলের সঙ্গে আলোচনায় ‘লজ্জার কিছু নেই’: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইউসেফ রাগি
ইউসেফ রাগি |
0

ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় বসা কোনো লজ্জার বিষয় নয় বলে মন্তব্য করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাগি। তিনি স্পষ্ট করেছেন, যুদ্ধের অবসান এবং দখলকৃত ভূমি উদ্ধারই এই আলোচনার মূল লক্ষ্য। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লন্ডনভিত্তিক সংবাদপত্র আশারক আল-আউসাতকে দেয়া এক সাক্ষাৎকারে রাগি বলেন, ‘ইসরাইলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত কোনো আত্মসমর্পণ নয়, যেমনটি অনেকে চিত্রায়িত করার চেষ্টা করছেন। বরং এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি হাতিয়ার।’ তিনি আরও বলেন, ‘লেবানন কারও অনুগত নয় এবং কোনো বিশেষ অক্ষের হাতের অস্ত্র হিসেবেও ব্যবহৃত হবে না।’

লেবাননকে দুর্বল হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, ‘লেবাননকে চরম দুর্বল বা আত্মসমর্পণকারী হিসেবে উপস্থাপন করা একটি মারাত্মক ভুল।’

সাক্ষাৎকারে হিজবুল্লাহর তীব্র সমালোচনা করে রাগি বলেন, ‘এই গোষ্ঠীটি দক্ষিণ লেবাননের জনগণের দুর্ভোগ বা জাতীয় স্বার্থের পরোয়া না করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। তারা সীমান্তবর্তী গ্রাম এবং বাসিন্দাদের ভাগ্য নিয়ে জুয়া খেলছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, বর্তমান পরিস্থিতিতে লেবানন এখন নিজস্ব পথে হাঁটছে। তিনি বলেন, ‘লেবাননের আলোচনার পথ এখন ইরানের আলোচনার পথ থেকে সম্পূর্ণ আলাদা। ইরানের আলোচনার অগ্রগতি বা অচলাবস্থার ওপর আমাদের স্বার্থ আর জিম্মি হয়ে থাকবে না।’

এএম