চলতি সপ্তাহের সোমবার শেষ হওয়া চার দিনের এই জরিপে দেখা গেছে, মাত্র ৩৪ শতাংশ আমেরিকান হোয়াইট হাউজে ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। গত ১৫ থেকে ২০ এপ্রিলের জরিপে এই হার ছিল ৩৬ শতাংশ। উল্লেখ্য, এই জরিপের অধিকাংশ তথ্য গত শনিবার রাতের হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারের গোলাগুলির ঘটনার আগে সংগ্রহ করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটররা ওই ঘটনায় আটক ব্যক্তিকে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছেন। তবে এই ঘটনা ট্রাম্পের জনপ্রিয়তায় কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্পের জনসমর্থন ছিল ৪৭ শতাংশ। কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তায় ধস নামতে থাকে। বিশেষ করে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর আস্থা রয়েছে মাত্র ২২ শতাংশ মানুষের।
জ্বালানি তেলের দাম ভাবিয়ে তুলছে মার্কিন ভোটারদের
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আকস্মিক হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে বর্তমানে প্রতি গ্যালন ৪ ডলার ১৮ সেন্টে দাঁড়িয়েছে। যুদ্ধের প্রভাবে বিশ্বের মোট তেল বাণিজ্যের এক-পঞ্চমাংশ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি আমেরিকান পরিবারগুলোর ওপর ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে খোদ রিপাবলিকান দলের মধ্যেও শঙ্কা বাড়ছে যে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তারা হয়তো কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারে।
জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ রিপাবলিকান এখনো ট্রাম্পকে সমর্থন করলেও জীবনযাত্রার ব্যয় সামলানোর ক্ষেত্রে তাদের ৪১ শতাংশই প্রেসিডেন্টের ওপর অসন্তুষ্ট। অন্যদিকে স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৩৪ শতাংশই ডেমোক্র্যাটদের সমর্থন করছেন, যেখানে রিপাবলিকানদের পক্ষে আছেন মাত্র ২০ শতাংশ।
গত নির্বাচনে ট্রাম্প উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বর্তমানে অর্থনীতির ওপর তার গ্রহণযোগ্যতার হার মাত্র ২৭ শতাংশ, যা তার প্রথম মেয়াদ (২০১৭-২০২১) তো বটেই, এমনকি জো বাইডেনের সবচেয়ে খারাপ সময়ের চেয়েও কম।
চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের হুমকির মুখে পারস্য উপসাগর থেকে তেল সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। এর ফলে তেলের মজুত কমছে এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েই চলেছে। জরিপ অনুযায়ী, ইরানের সঙ্গে এই সংঘাতকে সমর্থন করছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে তার জনপ্রিয়তা সাধারণত ৪০ শতাংশের আশেপাশে থাকত। বর্তমানের ৩৪ শতাংশ রেটিং তার রাজনৈতিক জীবনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।





