সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় সত্য ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান মাহাদী আমিন। তিনি বলেন, ‘গত রোববার ঢাকায় মার্কিন দূতাবাস প্রধানমন্ত্রী ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের যে ছবি শেয়ার করেছে, সেটি হোয়াইট হাউস থেকেই দেয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে। এরপরও ছবিটি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।’
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়েও ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানান তিনি। মাহাদী আমিন বলেন, জাইমা রহমান সম্পূর্ণ নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন, এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, ডা. জুবাইদা রহমানের একটি অনুষ্ঠান নিয়ে ছড়ানো মিথ্যা তথ্যও আয়োজকেরা এরইমধ্যে নাকোচ করে দিয়েছেন।
বিএনপির নামে চাঁদাবাজির একটি অভিযোগের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটর এমন অভিযোগ তুললেও তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। মূলত জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে ভাঙচুরের ওই ঘটনা ঘটে, যার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং এরইমধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জব মার্কেটের যোগাযোগ স্থাপন করতে ডিসেম্বরে ক্যারিয়ার ফেয়ার করবে সরকার।’





