এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির পূর্বাঞ্চলে অন্যতম অভিজাত এলাকা বিবেক বিহার। অভিজাত্যের ছাপ সর্বত্র। কিন্তু ভয়াবহ আগুনে রাতারাতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো আবাসিকে।
রোববার ভোরে বিবেক বিহারের একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। নিমেষেই ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলায়। খবর পেয়ে ১৪টি জরুরি সেবার গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যালকনি থেকে জীবিত উদ্ধার করা হয় ২০ বাসিন্দাকে।
দমকল বাহিনীর সদস্যরা জানান, রাত ৩টা ৪৭ মিনিটে আমরা খবর পাই। বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে উপস্থিত হই। ১০টির বেশি দমকলের গাড়ি এসেছে। বেলকনিতে মই লাগিয়ে ২০ জনকে উদ্ধার করে তারা। এসির বিস্ফোরণের কারণে আগুন লেগেছে। ১২ থেকে ১৫ জনকে সঙ্গে সঙ্গে বের করে আনা হয়েছে।
আরও পড়ুন:
আহত ও দগ্ধদের গুরুতেজ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন। যাদের প্রাণ গেছে তারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দা। সবচেয়ে বেশি হতাহত হয়েছে দ্বিতীয় তলায়।
দমকল বাহিনীর ধারণা- ভবনের ছাদে যাওয়ার গেইটে তালা লাগানো থাকায় বাসিন্দাদের বের হওয়ার পথ ছিল না। কেন তালা ভাঙা যায়নি তা স্পষ্ট নয়। আবাসিক ঐ এলাকার ভবনের নকশা ও পরিকল্পনা নিয়েও উঠছে প্রশ্ন। দুটি ভবনের মাঝে পর্যাপ্ত জায়গা না থাকায় আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ, প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে, হতাহতের পরিবারের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।





