গুলির ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই গুলি চালিয়েছে, সেটিও এখনো অস্পষ্ট বলে জানিয়েছেন সিনেট সচিব মার্ক ল্যান্ড্রো মেন্ডোজা। সিনেট চত্বর থেকে ফেসবুক লাইভে কায়েতানো বলেন, ‘আমি জানি না আসলে কী ঘটছে। এখানে অবস্থানরতদের আমি নিরাপদ রাখতে পারবো কি না, তা নিয়ে সন্দিহান। আমি নিজে বাইরে গিয়ে পরোয়ানা মোকাবিলা করতে রাজি আছি, কিন্তু দয়া করে এসব করবেন না।’
সিনেটর রোনাল্ড ডেলা রোসা দীর্ঘ সময় ধরে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত সোমবার তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি সিনেট ভবনের ভেতরে দৌড়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গেছে। এরপর থেকে দাঙ্গা পুলিশ পুরো সিনেট চত্বর ঘিরে রেখেছে। ডেলা রোসা গত সোমবার থেকে এখন পর্যন্ত সিনেট ভবনের বাইরে বের হননি।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুতার্তের আমলে মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষকে হত্যার ঘটনায় ডেলা রোসার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ এনেছে আইসিসি। গত সোমবার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে।
রাতে ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী জনভিক রেমুলা সিনেট ভবনে প্রবেশ করেছেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভেতরে থাকা সব সিনেটর নিরাপদ আছেন। কারা গুলি চালিয়েছে, সেটি শনাক্ত করতে তিনি কাজ করছেন।





