মধ্যপ্রাচ্য সংকট নিরসনে শি জিনপিংয়ের সহযোগিতা চাওয়ার পর হোয়াইট হাউস জানিয়েছে, ইরানকে পরমাণু শক্তিসম্পন্ন দেশ হিসেবে না দেখার ব্যাপারে দুই বিশ্বনেতা অভিন্ন অবস্থান নিয়েছেন। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বিষয়েও কথা হয়েছে তাদের মধ্যে। হোয়াইট হাউসের দাবি, শি জিনপিং হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করার এবং এই পথ ব্যবহারের জন্য কোনো ধরনের ‘টোল’ বা মাশুল আদায়ের চেষ্টার বিরুদ্ধে চীনের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন।
তবে লক্ষণীয় বিষয় হলো, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া তাদের প্রতিবেদনে দুই নেতার আলোচনার এই অংশটির কোনো উল্লেখ করেনি। সিনহুয়ার বরাতে ইরান বা হরমুজ প্রণালি নিয়ে শি জিনপিংয়ের এমন কোনো মন্তব্য এখনো প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি সমঝোতার আভাস পাওয়া গেলেও বেইজিং তার মিত্র তেহরানের সঙ্গে সম্পর্কের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখছে।





