ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত; খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান
ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপ ২০২৬-২৭ মৌসুমের ড্র। দুইটি ভাগে ভাগ হয়ে ১৩টি ক্লাবের অংশগ্রহণ করার কথা থাকলেও এখনই খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব। তবে লিগ কমিটির চেয়ারম্যানের আশা ঠিক সময়েই মাঠে গড়াবে টুর্নামেন্ট।

একাধিক ক্লাবের আপত্তির মুখেই ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত করেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। এবারে দুইটি গ্রুপে ভাগ হয়ে ১৩টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টটিতে।

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বাফুফেতে আয়োজিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। গ্রুপ ‘এ’ তে স্থান পেয়েছে আবাহনী, ফর্টিস, ব্রাদার্স সহ মোট ছয়টি দলটি। আর গ্রুপ ‘বি’ তে রয়েছে বসুন্ধরা কিংস, মোহামেডান, বাংলাদেশ পুলিশ সহ মোট সাতটি দল।

এবারের ফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে ৪টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো যথাক্রমে, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও জাতীয় স্টেডিয়াম। ২২ সেপ্টেম্বর গোপালগঞ্জে ফেডারেশন কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও আরামবাগ।

তবে ফেডারেশন কাপ ও লিগের সময়ে রয়েছে ফিফা ইউন্ডো ও জাতীয় দলের ব্যস্ততা। এমন সময়ে এই টুর্নামেন্টে একাধিক দল খেলতে অস্বীকৃতি জানালেও, প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান জানালেন, বাফুফে সভাপতির সঙ্গ বৈঠক করেই সিদ্ধান্ত নিবেন তিনি। আপাতত লিগের ব্যাপারে আশাবাদী তারা।

অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার মোহামেডানের ক্রীড়া পরিচালক মোস্তাকুর রহমান জানান, ফেডারেশন কাপে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেননি তারা। জাতীয় দলের সর্বোচ্চ ৯ খেলোয়াড় রয়েছে তাদের ক্লাবে। তাই বোর্ডের চিঠির অপেক্ষায় আছেন তারা।

১২ জানুয়ারি ২০২৭ এ মানিকগঞ্জে গ্রুপপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরে জাতীয় দলে খেলা না থাকলে ন্যাশনাল স্টেডিয়ামেই হবে নকআউট পর্বের ম্যাচও। তবে সব ঝামেলা মিটিয়ে আপাতত ফেডারেশন কাপ মাঠে গড়াবে কিনা সেটিই এখন বড় প্রশ্ন।

জেআর