‘ইরানের ইউরেনিয়াম পেতে চুক্তির প্রয়োজন নেই’, ওভাল অফিসে দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম মৌলের প্রতীক
ইউরেনিয়াম মৌলের প্রতীক | ছবি: রয়টার্স
0

ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তগত করার জন্য ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ৪ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এখনই এটি নিয়ে নিতে পারি। আমি মনে করি না আমরা চাইলে তারা আমাদের আটকাতে পারবে। কিন্তু এই মুহূর্তে তার কোনো কারণ নেই। এগুলো এখন মাটির নিচে চাপা পড়ে (এনটুম্বড) আছে।’ মূলত গত জুনে মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ব্যাপক ধ্বংসযজ্ঞের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাতের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, বর্তমানে খামেনির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা তার নেই। তবে তিনি যোগ করেন, যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শেষ পর্যন্ত কোনো ফলপ্রসূ চুক্তি সম্পন্ন হয়, তবে তাঁদের মধ্যে বৈঠক হওয়া সম্ভব।

ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, ‘যদি এমন কিছু ঘটে, তবে আমি অবশ্যই তার প্রতি সম্মান প্রদর্শন করবো।’ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন এবং সম্প্রতি চলমান যুদ্ধের আবহে ট্রাম্পের এই মন্তব্যগুলো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এএম