বিশ্বকাপে কঠোর সময়সীমা: ইরানের ফুটবলারদের ম্যাচ শেষ হলেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

ইরানের ফুটবলারা
ইরানের ফুটবলারা | ছবি: এএফপি
0

যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে এসে একই দিনে দেশটিতে ঢুকতে এবং বেরিয়ে যেতে বাধ্য হবে ইরানের বিশ্বকাপ ফুটবল দল। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই দাবি করেছেন। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো বিরাজমান। বিশ্বকাপ শুরুর আগে কয়েক মাস ধরেই এ নিয়ে নানা উদ্বেগ ছিল।

এখন গ্রুপ পর্বের ম্যাচগুলোর আগে দলটির ওপর কড়া সময়সীমা চাপিয়ে দেয়া হয়েছে। তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ইরানের দূত আবোলফজল পাসান্দিদেহ সাংবাদিকদের বলেন, ‘আমরা সকালে প্রবেশ করতে পারবো এবং একই দিনে আমাদের অবশ্যই চলে যেতে হবে।’

ইরানের তিনটি গ্রুপ ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। ছয় দিন পর তারা আবারও ক্যালিফোর্নিয়ায় বেলজিয়ামের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি সিয়াটলে মিসরের বিপক্ষে। নকআউট পর্বে উঠলে আরও ম্যাচ খেলার সুযোগ থাকবে দলটির।

ইরান এখন তাদের নির্ধারিত অ্যারিজোনার টাকসন শহরের পরিবর্তে মেক্সিকোয় অবস্থান করছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেন, ‘মেক্সিকোয় তাদের থাকার সম্ভাবনা প্রত্যাখ্যান করার কোনো কারণ আমাদের নেই।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় না ইরান দল সেখানে রাত কাটাক, কিন্তু তারা সেখানে তিনটি ম্যাচ খেলবে। তাই তারা আমাদের জিজ্ঞেস করেছিল, তারা কি মেক্সিকোয় রাত কাটাতে পারবে? আমরা বলেছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমাদের কোনো আপত্তি নেই।’

ইরান এর আগে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ফিফা সেই প্রস্তাব আমলে নেয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই যুক্তরাষ্ট্রে ইরান দলের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলকে স্বাগত জানানো হলো, তবে আমি আসলে মনে করি না যে তাদের সেখানে থাকা যথাযথ হবে, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থেই।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের খেলোয়াড় এবং কিছু সহযোগী কর্মকর্তাকে ভিসা ইস্যু করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং কূটনীতিকেরা জানিয়েছেন, দলের বেশ কয়েকজন সহযোগী কর্মকর্তাকে এই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর মধ্যে আছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে খেলোয়াড় ও প্রয়োজনীয় সহযোগী কর্মকর্তাও আছেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ইরান দলকে এই ব্যবস্থার অপব্যবহার করে মিথ্যা পরিচয়ে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী ঢোকানোর সুযোগ দেব না।’

এএম