আবারও পাল্টাপাল্টি সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের হামলা
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের হামলা | ছবি: সংগৃহীত
0

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। মঙ্গলবার মধ্যরাতে ইরানের উপকূলীয় শহর সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপে মার্কিন হামলা জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরসহ কুয়েত ও জর্ডানের ঘাঁটিতে হামলার দাবি করছে আইআরজিসি। ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ইরানের সশস্ত্র বাহিনীর। বিপরীতে, ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলাকে 'অত্যন্ত শক্তিশালী' আখ্যা দিয়ে পোস্ট দিয়েছে ট্রাম্প।

রাতের অন্ধকারে ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক স্থাপনায় হামলা করে চাপে ফেলার চেষ্টা করলেও কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সামরিক সক্ষমতার দাঁতভাঙা জবাব দিয়েছে বিপ্লবী গার্ড কর্পস।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে মার্কিন হামলার জবাবে শুরুতে বাহারাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালায় আইআরজিসি। এসময় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়ে বাহরাইনে পরপর দুই দফায় বাজানো হয়েছে জরুরি সাইরেন।

এরপরই হামলা হয়েছে কুয়েতে। শত্রুপক্ষের আঘাত ঠেকাতে সচল করা হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। জন নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশাবলী দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়েত ছাড়াও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে রাখা 'এফ-থার্টি ফাইভ' হ্যাঙ্গার যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। বিপ্লবী গার্ড কর্পসের প্রতিশোধমূলক এই অভিযানে উপসাগরীয় অঞ্চলজুড়ে বিভিন্ন মার্কিন বিমান ও নৌ ঘাঁটির ২১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। এছাড়াও, ইরানের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা তথ্য জানাচ্ছে ইরান ইন্টারন্যাশনাল।

এর আগে, মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিশোধ নিতে ট্রাম্পের নির্দেশে ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।

আরও পড়ুন:

ইরান ইন্টারন্যাশনালের খবর, হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে উপকূলীয় শহর সিরিরে আইআরজিসি'র নৌঘাঁটি, বন্দর আব্বাসের বিমান প্রতিরক্ষা ঘাঁটি, মিনাব ও কেশমের উপকূলীয় ক্ষেপণাস্ত্র মজুদাগার। ইরানি গণমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাতে ড্রোন ও প্রোজেক্টাইল মিসাইল দিয়ে এসব হামলা করে মার্কিন সেনারা এবং হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করা হয়েছে। হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় দু'টি জলাধার ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে সিরিক শহরের নিকটবর্তী জেলার পানি সরবরাহ।

ইরানে হামলার পর এক্স পোস্টে সেন্ট কম জানায়, হেলিকপ্টার ভূপাতিতের জবাবে শুরু করা মার্কিন হামলা সম্পন্ন হয়েছে। আর ট্রুথ সোশ্যালের পোস্টে এই হামলাকে অত্যন্ত শক্তিশালী আখ্যা দেন ট্রাম্প।

এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে শুরু করার পর ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, সংঘাত চালিয়ে যাওয়া কিংবা প্রতিরক্ষা সবকিছুর জন্যই সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি আছে ইরানের সশস্ত্র বাহিনীর। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির হুঁশিয়ারি কোনো কিছুই জবাবহীন থাকবে না, মার্কিন প্রতিটি হামলার জবাব দেয়া হবে।

ইএ