নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন, ‘ইরানের সামরিক বাহিনী এখন একটি সম্পূর্ণ বিধ্বস্ত জট পাকানো জঞ্জাল। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর বড় অংশই এখন অস্তিত্বহীন—তারা পুরোপুরি পরাজিত হয়েছে। ইরান শুধু মুখেই বড় বড় কথা বলে, কাজের কাজ কিছুই করে না। মধ্যপ্রাচ্যের সেই গুণ্ডা এখন মৃত!!! একটি চুক্তিতে পৌঁছাতে তারা অনেক দেরি করে ফেলেছে যা তাদের জন্যই দারুণ হতে পারত। এখন তাদের চড়া মূল্য দিতে হবে!!!’
ট্রাম্প যদিও সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন তা পরিষ্কার করেননি, তবে গত কয়েক দিন ধরে পারস্য উপসাগরের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সাইটগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্প এর আগে কয়েক দিনের মধ্যে একটি চমৎকার চুক্তির সম্ভাবনা ব্যক্ত করলেও তার এই নতুন হুঙ্কার চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলে দিল।
বিশ্লেষকদের মতে, একদিকে কাতারি মধ্যস্থতাকারীদের তেহরান সফর এবং অন্যদিকে ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্য সংকটকে আরও জটিল করে তুলছে। ট্রাম্পের এমন কঠোর বার্তায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।





