ইসরাইলি বসতি স্থাপনকারীদের আদর্শ ‘নাৎসিবাদের’ মতো: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

মোশে ইয়ালন
মোশে ইয়ালন | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বসতি স্থাপনকারীদের উগ্র আদর্শকে ‘নাৎসিবাদের’ সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে অভিযুক্ত ইসরাইলিদের বিরুদ্ধে তদন্ত করতে কর্তৃপক্ষের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ইয়ালন বলেন, কট্টরপন্থি ধর্মীয় জায়নবাদী গোষ্ঠীগুলো ‘ইহুদি শ্রেষ্ঠত্ববাদী আদর্শ’ ধারণ করে। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইয়ালন বলেন, ‘ইহুদি শ্রেষ্ঠত্ববাদ কী? হলোকাস্টের ৮০ বছর পর এটি আসলে নাৎসি নেতা হিটলারের আত্মজীবনী ‘মাইন কাম্ফ’ এরই উল্টো রূপ। যেখানে শ্রেষ্ঠ জাতি হলো আমরা।’

সম্প্রতি পশ্চিম তীরের ফিলিস্তিনি জনপদগুলো সফর করে আসা ইয়ালন সেখানকার পরিস্থিতিকে ‘প্রজন্মের জন্য কলঙ্ক’ হিসেবে বর্ণনা করেন। তিনি অভিযোগ করেন, ইসরাইলি সরকার ফিলিস্তিনিদের জমি দখল করতে এসব দাঙ্গাবাজদের উসকানি দিচ্ছে এবং তাদের ওপর গুলিবর্ষণের মতো নিপীড়নে সহায়তা করছে। তিনি জানান, এসব হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, ‘শিন বেত নিরাপত্তা সংস্থা এবং পুলিশ এসব হত্যাকাণ্ড ঠেকাতে কিছুই করছে না।’

গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা নাটকীয়ভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্যমতে, সেখানে গড়ে প্রতিদিন চারটি হামলার ঘটনা ঘটছে। ইয়ালন বলেন, হেবরন এলাকায় তিনি এমন এক ফিলিস্তিনি ব্যক্তির সঙ্গে কথা বলেছেন, যাকে ইসরাইলরা গুলি করার পর চিকিৎসা নিতে বাধা দিয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে একটি পা হারাতে হয়েছে।

ইয়ালন তার সামরিক জীবনে ফিলিস্তিনি ইন্তিফাদা দমন ও ২০১৪ সালের গাজা যুদ্ধে সক্রিয় ছিলেন। ২০০২ সালে সেনাপ্রধান থাকাকালীন তিনি ফিলিস্তিনিদের ‘ক্যানসার’ হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ৭৫ বছর বয়সী এই সাবেক সেনাপ্রধান সরকারের কড়া সমালোচকে পরিণত হয়েছেন। তিনি বর্তমান সরকারকে গাজায় ‘জাতিগত নিধন’ চালানোর দায়ে অভিযুক্ত করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে ইসরাইল একটি ‘অপারথাইড’ বা বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হবে। ইয়ালন আরও বলেন, ‘আমি লজ্জিত যে আমার নিজের জাতির মানুষ সরকারের নির্দেশে এমন অমানবিক কাজ করছে।’

এএম