মাউশি’র কলেজ ও প্রশাসন শাখা জানিয়েছে, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে তথ্য এন্ট্রি, এন্ট্রিকৃত তথ্য সংশোধন এবং ব্যাংক সংক্রান্ত কারণে বাউন্স হওয়া তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থীর তথ্য পূর্বে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও এই সফটওয়্যারে এন্ট্রি করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক হিসাব সংক্রান্ত বিভিন্ন ত্রুটির কারণে (ব্যাংক বা শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর ভুল থাকা বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হওয়া) যেসকল শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্স হয়েছে, তাদের ব্যাংক তথ্য সংশোধন ও অ্যাকাউন্ট সচল করার ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, সঠিকভাবে বৃত্তির তথ্য এন্ট্রি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের দুই জন শিক্ষককে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।—বাসস





