তীব্র তাপদাহ উপেক্ষা করে ২৫০ বছর পূর্তির উৎসবে মাতছে আমেরিকা

তীব্র তাপদাহ উপেক্ষা করে ২৫০ বছর পূর্তির উৎসবে মেতেছে আমেরিকা
তীব্র তাপদাহ উপেক্ষা করে ২৫০ বছর পূর্তির উৎসবে মেতেছে আমেরিকা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আজ (শনিবার, ৪ জুলাই) ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে ‘দর্শনীয় সমাবেশে’ যোগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন কয়েকশো যুদ্ধবিমানের মহড়া ও ইতিহাসের সর্ববৃহৎ আতশবাজি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলজুড়ে তীব্র তাপদাহের মধ্যেই এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতি ঘণ্টায় ওয়াশিংটন ডিসির আকাশে সামরিক বিমানের মহড়া চলবে। রাজধানীর ওপর দিয়ে যাওয়া এসব ফরমেশনের একটিতে ট্রাম্পের নতুন এয়ারফোর্স ওয়ানও অংশ নেবে।

তবে জাতীয় এই বার্ষিকী অনুষ্ঠানকে রাজনৈতিক রঙ দেয়ার অভিযোগ তুলেছেন ট্রাম্পের বিরোধীরা। ঘোষণার পরপরই বেশ কিছু সংগীতশিল্পী অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিলম্বিত সময়সূচি ও সম্ভাব্য বজ্রঝড় জনসমাগমে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, দেশিয় ‘উগ্রপন্থি’ ও ‘চরমপন্থিদের’ কারণে আমেরিকান পরিচয় হুমকির মুখে পড়েছে। তিনি ‘কমিউনিস্ট হুমকির পুনরুত্থান’ এবং আমেরিকান জীবনধারার বিরোধী ‘নবাগতদের’ বিরুদ্ধেও সতর্ক করেন। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটদের ‘কমিউনিস্ট’ হিসেবে চিত্রিত করার রিপাবলিকান কৌশলের প্রতিফলনই ঘটেছে তার এই বক্তব্যে‘সালুট টু আমেরিকা ২৫০ সেলিব্রেশনস অ্যান্ড ফায়ারওয়ার্কস’ নামের এই অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এবং রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভাষণ দেবেন ট্রাম্প। তাপদাহ সত্ত্বেও তিনি ‘সত্যিই দীর্ঘ ভাষণ’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে তিনি ‘যেকোনো কিছু করতে পারেন’ তা প্রমাণিত হয়।

আরও পড়ুন:

আয়োজকদের মতে, এবারের আতশবাজি প্রদর্শনী হবে ‘ইতিহাসের সর্ববৃহৎ’। পোটোম্যাক নদীর ওপরের আটটি বার্জসহ শহরের ১০টি স্থান থেকে প্রায় ৮ লাখ ৫০ হাজার আতশবাজি ছোড়া হবে। সাধারণত ২০ হাজার আতশবাজি নিয়ে ২০ মিনিট চলা এই আয়োজন এবার চলবে ৪০ মিনিট। ২০১৬ সালে ফিলিপাইনের একটি মেগাচার্চের গড়া রেকর্ড ভেঙে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়ার লক্ষ্য রাখা হয়েছে। তবে ওয়াশিংটন পোস্ট ও পলিটিকোর হাতে আসা ন্যাশনাল পার্ক সার্ভিসের অভ্যন্তরীণ নথিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই আতশবাজি রাজধানীর কেন্দ্রে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বায়ুদূষণ তৈরি করতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় অনুষ্ঠানটি ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। হোয়াইট হাউসের সমর্থনপুষ্ট আয়োজক গোষ্ঠী ‘ফ্রিডম২৫০’-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এক দশক আগে কংগ্রেসের গঠিত দ্বিদলীয় ‘আমেরিকা২৫০’ কমিশনকে কার্যত পাশ কাটিয়ে দিয়েছে। ২৪ জুন এক শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যালেক্স প্যাডিলা বলেন, ‘ট্রাম্প আমেরিকার ২৫০তম জন্মদিনকে নিজের চারপাশে ঘোরাতে চাইছেন।’ অন্যদিকে ফ্রিডম২৫০ এসব অভিযোগকে ‘দলীয় কুৎসা’ বলে উড়িয়ে দিয়েছে।

দেশের অন্যান্য প্রান্তেও উৎসবের আয়োজন রয়েছে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে যুক্তরাষ্ট্রের প্রতিটি সময় অঞ্চলের মধ্যরাত উপলক্ষে আটবার ‘টাইমস স্কয়ার বল’ নামানো হবে এবং শহরে স্থানীয় সময় রাত ৯টা ২৫ মিনিটে আতশবাজি প্রদর্শনী হবে। এছাড়া ২৫০ বছর আগে যেখানে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলে ক্রিস্টিনা অ্যাগুইলেরা ও মিক মিলসহ তারকাদের নিয়ে বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে। একই দিনে শহরটিতে শেষ বিশ্বকাপ ম্যাচও অনুষ্ঠিত হবে।

এএম