লাল, সাদা ও নীল যুক্তরাষ্ট্রের পতাকার রঙে নিউ ইয়র্কের আকাশে বিমানের ধোঁয়া দিয়ে ফুটিয়ে তোলা হয় দৃষ্টিনন্দন প্রদর্শনী। দেশটির স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি ঘিরে চোখ জুড়ানো এই আয়োজন সেইলফোর্থ টু ফাইভ জিরো সামুদ্রিক উদযাপনের অংশ। যার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ২৫০ বছর আগে ফিলাডেলফিয়ায় স্বাক্ষরিত স্বাধীনতার ঘোষণাপত্রকে। মিত্র দেশগুলোর একশোর বেশি বিমান অংশ নেয় এই প্রদর্শনীতে। নিউ ইয়র্কের আকাশে এমন ব্যতিক্রমী আয়োজন মুগ্ধ করেছে দর্শকদের।
নিউইয়র্ক হারবারে একটি অনুষ্ঠানে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যা আয়োজন করা হয় ইউএসএস কিয়ারসার্জ নামের একটি সামরিক জাহাজের ডেকে। বিশেষ বিমানে করে সেখানে উপস্থিত হন তিনি। জাহাজের ওপর তৈরি করা হয় মঞ্চ। পেছনে সুউচ্চ জাহাজগুলোর মহড়া চলছে। মঞ্চে উঠে সমবেত জনতার উদ্দেশে ভ্যান্স বলেন, আজকের যুক্তরাষ্ট্র গঠনে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই অবদান রেখেছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সারা বিশ্ব থেকে সুউচ্চ জাহাজ ও পালতোলা নৌযানগুলো একে একে প্রবেশ করে নিউইয়র্ক বন্দরে। যেখানে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের সামরিক জাহাজ ও বিভিন্ন নৌযান। মার্কিন মেরিন কোরের সার্জেন্ট জানান, জাহাজ ও নৌযানের এই সমাবেশের মাধ্যমে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য। জাহাজগুলো দেখতে বিশাল মানুষের সমাগম ঘটেছিল। এছাড়া বন্দরে ছিল নিরাপত্তা জাহাজ, পুলিশের নৌকা এবং কোস্ট গার্ড বাহিনী।
এদিকে, স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন হিসেবে ভিন্নধর্মী এক আয়োজন করেছে ফিলাডেলফিয়া শহর। টাইম ক্যাপসুলের মধ্যে একটি আইফোন, একটি কোকা-কোলার বোতল এবং একটি বিপন্ন সাদা তিমির হাড় রেখে তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এই ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ৫০০তম বার্ষিকীতে অর্থাৎ ২২৭৬ সালে খোলা হবে। এছাড়াও ক্যাপসুলের ভেতরে বেশকিছু জিনিস রাখা হয়েছে যা ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের জীবন, সংস্কৃতি ও উদ্ভাবনকে প্রতিফলিত করে।
ওহাইও অঙ্গরাজ্যের আকাশে একটি বিমানের ফ্লাইট দিয়ে যুক্তরাষ্ট্রের মানচিত্রের ভেতর ফুটিয়ে তোলা হয়েছে ইউএসএ ২৫০ লেখা। ফ্লাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, একটি বিমান অবিচ্ছিন্নভাবে এই শব্দগুলো ফুটিয়ে তুলেছে। এই কাজটি সম্পন্ন করতে লেগেছে ছয় ঘণ্টার বেশি সময়।





