শোকস্তব্ধ গোটা ইরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চোখের জলে বিদায় জানাচ্ছে সাধারণ ইরানিরা। সপ্তাহব্যাপী আয়োজনে জড়ো হচ্ছেন দেশ বিদেশের লাখো মানুষ। প্রিয় নেতার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকে।
বাসিন্দারা বলছেন, খামেনি মৃত্যু বদলে দিয়েছে ইরানের তরুণ প্রজন্মের চিন্তাধারা ও জীবনযাপনের চিত্র। নেতার প্রতি আনুগত্য ও ভালোবাসায় যুব সম্প্রদায়ের বড় একটি অংশ রাষ্ট্র ও ধর্মের প্রতি আরও বেশি অনুগত হয়ে উঠেছে। দেশের সংকট মুহূর্তে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাবে তারা।
আলী খামেনির সপ্তাহব্যাপী বিদায় অনুষ্ঠানে এগিয়ে এসেছে দেশটির যুব সম্প্রদায়। প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তি দিতে আগত শোকাহত মানুষদের ওপর ছিটানো হচ্ছে পানি। রাস্তায় শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন নারীরা। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ঠাণ্ডা পানি, মিষ্টি ও বিভিন্ন ধরনের নাস্তা।
এদিকে, আলী খামেনির বিদায় অনুষ্ঠানে আসা লাখো মানুষের সেবায় এগিয়ে এসেছে দাতব্য সংস্থাগুলো। শোক অনুষ্ঠানে আসা মানুষদের জন্য বিনামূল্যে চায়ের ব্যবস্থা করেছে তারা।
শোক অনুষ্ঠান ইরানিদের কাছে এখন হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। শোকের মাতমের মধ্যে চলছে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান। খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পের মৃত্যু কামনা করেন তারা।





